দীর্ঘ ১৫ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। রাজধানীর একটি রেস্তোরাঁয় সহকর্মীদের উপস্থিতিতে ‘সেলফ টাইটেলড’ অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি। এখন স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে তার গানগুলো।
এটি আলিফের চতুর্থ একক অ্যালবাম। এর আগে ২০১১ সালে প্রকাশ পেয়েছিল তার তৃতীয় অ্যালবাম ‘কল্পনাতে’।
সংগীতাঙ্গনের কিংবদন্তি দম্পতি গীতিকার-সুরকার আলাউদ্দিন আলী ও সংগীতশিল্পী সালমা সুলতানার সন্তান আলিফ আলাউদ্দিন নতুন এই অ্যালবামে জায়গা দিয়েছেন বাবা-মায়ের স্মৃতিকেও। ছয় গানের এই অ্যালবামে রয়েছে চারটি নতুন গান এবং তার মায়ের গাওয়া দুটি জনপ্রিয় গানের নতুনভাবে রিমেক করা ভার্সন। গান দুটি হলো ‘দেখো তো আমায়’ ও ‘কাগজ আছে কলম আছে’।
‘দেখো তো আমায়’ গানটি লিখেছিলেন কাওসার আহমেদ চৌধুরী, সুর করেছিলেন আইয়ুব বাচ্চু। আর ‘কাগজ আছে কলম আছে’ লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।
অ্যালবামের নতুন গানগুলোর মধ্যে ‘বিবেক’ ও ‘কিছু মনে কোরো না’ লিখেছেন ও সুর করেছেন আলিফের স্বামী সংগীতশিল্পী কাজী ফয়সাল আহমেদ। ‘ক্যাফিন’ গানটির কথা ও সুর করেছেন আলিফ নিজেই। আর ‘প্রতিশোধ’ গানের কথা লিখেছেন আলিফ, সুর করেছেন কাজী ফয়সাল। পুরো অ্যালবামের সংগীতায়োজনও করেছেন কাজী ফয়সাল আহমেদ।
নতুন অ্যালবাম প্রসঙ্গে আলিফ বলেন, তৃতীয় অ্যালবামের পরই চতুর্থ অ্যালবামের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে তা থেমে যায়। চাইলে গানগুলো আলাদা আলাদা করে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমার কাছে অ্যালবাম মানেই কয়েকটি গান একসঙ্গে প্রকাশ করা। সেই নস্টালজিয়া থেকেই পুরো অ্যালবাম আকারে এনেছি।
তিনি আরও বলেন, এই অ্যালবামের প্রতিটি গান আলাদা স্বাদের। কোথাও পিয়ানো, কোথাও পার্টি মুড, আবার কোথাও ডিসকো ও রকের ছোঁয়া আছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
এএমএ







