বুধবার, ৬ মে ২০২৬ | সময়: সকাল ৭:৩৫

চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতাসহ গ্রেফতার ২

বরগুনার আমতলী উপজেলায় সিএনজি ও আলফা গাড়ির স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অভিযোগে আমতলী পৌর শ্রমিকদলের সভাপতি মো. মিল্টন হাওলাদার এবং তার সহযোগী সুমন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে আমতলী বাধঘাট চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর বাধঘাট চৌরাস্তা নামক এলাকার সিএনজি ও আলফা গাড়ির স্ট্যান্ডের চালকদের থেকে চাঁদা আদায়ের সময় চালক ও স্থানীয়রা মিলে পৌর শ্রমিকদলের সভাপতি মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমন মৃধাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিল্টন হাওলাদার ও সুমনকে আমতলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে মো. আনোয়ারুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিলে মিল্টন ও সুমনকে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। মিল্টন হাওলাদারকে যদি এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, সিএনজি ও আলফা গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় বাসিন্দা, সিএনজি ও আলফা চালকরা মিল্টন হাওলাদার ও সুমন নামে দুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নুরুল আহাদ অনিক/এনএইচআর/এমএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট