ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন একই গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম হোসেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম







