মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | সময়: রাত ৭:৪৯

বৈরী আবহাওয়ায় একঘণ্টা দেরিতে শুরু হলো এসএসসি-দাখিল পরীক্ষা

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সারা দেশে সকাল ১০টায় একযোগে এসএসসি পরীক্ষা শুরু হলেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং মাদরাসা বোর্ডের দাখিল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় শুরু হয়।
জানা গেছে, ভোররাত থেকেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। হাওর অঞ্চল হওয়ায় নৌপথই প্রধান যোগাযোগমাধ্যম হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দূরবর্তী এলাকার অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, হাওর এলাকার বাস্তবতা বিবেচনায় ও পরীক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষাবোর্ডের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু নিকলী উপজেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা দেরিতে শুরু হয়েছে। অন্য কোনো উপজেলায় এমন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এসকে রাসেল/এমএন/এমএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট