ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক আবার স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। মূলত দুই দেশের নির্ধারিত সিরিজগুলো নিয়ে নতুন করে আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই যোগাযোগ করা হয়েছে। শনিবারের বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইকে চিঠি পাঠানোর ব্যাপারে ব্যাখা দেন বিসিবি ক্রিকেট অপরাসেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
গত জানুয়ারিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ অস্বস্তিকর অবস্থায় পৌঁছায়। উগ্রবাদী হিন্দুত্ববাদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সে সময় সরকারের পক্ষ থেকেও বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থান স্পষ্ট ছিল।
সেই প্রেক্ষাপটে দুই বোর্ডের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। সেটাই এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, সামনে থাকা সিরিজগুলোর বিষয়েই মূলত ভারতীয় বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং দ্যাটস অন। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।’
বিসিবি শুধু নির্ধারিত সিরিজ নয়, দুই বোর্ডের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও যৌথ কার্যক্রম বাড়ানোর সম্ভাবনাও দেখতে চায়। নাজমুল আবেদীন বলেন, ‘পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারব বলে আশা রাখছি।’
তিনি স্বীকার করেন, বিশ্বকাপকে ঘিরে দুই বোর্ডের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, ‘আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে তো অবশ্যই। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করব এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।’
সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ সেপ্টেম্বর।
এদিকে বাংলাদেশ নারী দলের ভারত সফরের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। গত বছরের ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাওয়ার কথা ছিল নিগার সুলতানাদের। তবে সেই সিরিজটি পরে স্থগিত হয়ে যায়। বিসিবি আশা করছে, নতুন করে আলোচনার মাধ্যমে সিরিজটি পুনরায় আয়োজন করা সম্ভব হবে।
এসকেডি/আইএন







